হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রহমত আলী (১৪) ও সাহাবী (১৪)নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
এঘটনায় সাইফ আলী (১৪) নামের তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার দৌলতখালী গ্রামের হাজী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী ও আমিনুল ইসলামের ছেলে সাহাবী। গুরুতর আহত একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়,শনিবার সকাল ৮টার দিকে ৩ বন্ধু মোটরসাইকেলে দৌলতখালী মাদরাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ৩ জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post