কুষ্টিয়া অফিস: কুষ্টিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়।
মঙ্গলবার (৩ মার্চ) সদর উপজেলার বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান এবং মুদি দোকানসমূহ মনিটরিং করা হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বড়বাজার এলাকার সুলতান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। খোলা লাচ্ছা সেমাইয়ের ক্রয়ের রশিদ না থাকা, মূল্য তালিকায় মূল্য প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া প্যাকেটজাত সেমাই ও চানাচুরে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকা এবং মূল্য তালিকায় মূল্য প্রদর্শন না করায় মেসার্স আনারুল স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর, কুষ্টিয়া সহযোগিতা করেন। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
প্রিন্ট করুন










Discussion about this post