মাহাবুল ইসলাম,গাংনী: মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য নাজমুল হুদা বলেছেন, পবিত্র রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ।
মঙ্গলবার (১৭ মার্চ) গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মল্লিক ট্রেডার্স এন্ড ফার্ণিচারের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী রাসেল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ, গাংনী উপজেলা জামায়াতের আমীর ডা. মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম এবং কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মু. আলম হুসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা আরও বলেন, এক মাসের সিয়াম সাধনা মানুষের জীবনে ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযমের শিক্ষা দেয়, যা বাকি ১১ মাসেও অনুসরণ করা উচিত। রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও অনৈতিকতা দূর করে পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, দান-সদকা বৃদ্ধি করা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব। সবাইকে রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন






Discussion about this post