ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সদরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন শফিকুল ইসলাম। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম জানান, “শফিকুল ইসলামের ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপর গুলি লেগেছে। বিশেষ করে পেটে গুলিবিদ্ধ হওয়ায় ভেতরের রক্তনালিতে গুরুতর আঘাতের আশঙ্কা রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
এ বিষয়ে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার জানান,” ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//২৯ মার্চ ২০২৬
প্রিন্ট করুন










Discussion about this post