ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে মোট ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৭৫.৭৬ শতাংশ।
অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৭৯ জন, যা উপস্থিতির হার ৭৮.৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৯৫টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া, একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, এবারে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৮৮০ টি আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেন।
ইবি কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইবি কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান।
পরীক্ষার্থীদের নিরাপত্তায় ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে পুলিশ, র্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন ছিলো। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে স্থাপিত তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। অভিভাবকদের বিশ্রামের জন্য স্থাপন করা হয় অভিভাবক কর্নার। মেইন গেট এলাকায় স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়। জরুরি চিকিৎসাসেবায় মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিলো।
এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু ও অভিভাবকদের সেবা প্রদানে বিভিন্ন স্টল ও হেল্প ডেস্ক স্থাপন করে ক্রিয়াশীল রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ছাত্র সংগঠন।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিট (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিন্ট করুন









Discussion about this post