অষ্টগ্রামে সরকারী ডোবা ভরাট করে বাড়ি নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি বন্দী হয়ে ভোগান্তিতে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক পরিবার।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাস্তুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাস্তুল বাজার সংলগ্ন উত্তর পার্শ্বের এলাকায়।
এলাকাবাসী জানায়, কাস্তুল বাজার সংলগ্ন পুকুরের উত্তর পাড়ের কিছু লোক ধরেরহাটি ও আদর্শপাড়ার মাঝখানের সরকারী ডোবা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই তাদের নিজস্ব জায়গার সাথে শ্রেণী পরিবর্তন করে বাড়ি নির্মাণ করেছে। যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা-ঘাট ও বাড়ি-ঘর ডুবে যায়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিনের ভারী বর্ষণে পানি বন্দী হয়ে আছে পাঁচ শতাধিক পরিবার। হাজারো মানুষ চলাচলের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে বর্ষাকালে এ রাস্তায় সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন দুইটি মাদ্রাসা, তিনটি প্রাথমিক বিদ্যালয় ও কাস্তুল উচ্চ বিদ্যালয়ের শতশত ছাত্র ছাত্রীসহ বাহাদুরপুর, ইসলামপুর, সেকেরহাটি, ব্রহ্মপাড়া ও কাস্তুলের হাজার হাজার মানুষ যাতায়াত করে।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ মেন্টু মিয়া এ প্রতিনিধিকে জানান, সরকারী ডোবা ভরাট করের অপরিকল্পিত বাড়ি নির্মাণের ফলেই এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে আমরা কাস্তুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে ছিলাম। কিন্তু এটা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। সরকারী ডুবাটি উদ্ধার করেই কেবল পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান সম্ভব।
কাস্তুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম. সাজন উদ্দিন ভূঁইয়া এ প্রতিনিধিকে জানান, সরকারী ডোবা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই বাড়ি নির্মাণের ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়ি-ঘর ও গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় শতশত ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় কষ্টে যাতায়াত করছে। প্রশাসনের উচিত দ্রুত এর সমাধান করা।
কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি এ প্রতিনিধিকে জানান, আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। তবে বিষয়টি আমি অবগত আছি। দেশে ফিরে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে আমারা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন






Discussion about this post