মোঃ শফিউল ইসলাম:
মুহাররম কী? মুহাররম (المحرم) হলো ইসলামী চান্দ্র বছরের প্রথম মাস। আল্লাহ তাআলা কুরআনে বারো মাসের কথা উল্লেখ করেছেন: “নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি, আল্লাহর কিতাবে, যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই। এর মধ্যে চারটি সম্মানিত মাস।”— সূরা আত-তাওবা, ৯:৩৬ হাদিসে রাসূল ﷺ বলেছেন: “বছর বারো মাসের। এর মধ্যে চারটি সম্মানিত মাস। তিনটি ধারাবাহিক— যিলকদ, যিলহজ্জ ও মুহাররম; আর একটি হলো রজব।”— সহীহ আল বোখারী , হাদিস ৪৬৬২; সহীহ মুসলিম হাদিস ১৬৭৯ অতএব, মুহাররম আল্লাহর নির্ধারিত সম্মানিত মাসগুলোর একটি। কেন এটিকে আরবি নববর্ষ বলা হয়? ইসলামী বর্ষপঞ্জির নাম “হিজরি সন”। এটি গণনা শুরু হয় রাসূলুল্লাহ ﷺ-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনা থেকে। খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.)এর খেলাফতকালে (প্রায় ১৭ হিজরি) সরকারি কাজের সুবিধার্থে একটি ইসলামী বর্ষপঞ্জি চালু করা হয়। সাহাবীগণ পরামর্শ করে রাসূল ﷺ-এর জন্ম, নবুয়ত বা ওফাতের বছরকে ভিত্তি না করে হিজরতকে ইসলামী ইতিহাসের মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে গ্রহণ করেন এবং বছর গণনার শুরু নির্ধারণ করা হয় মুহাররম থেকে। কারণ যিলহজ্জের হজ শেষে মানুষ নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসত এবং মুহাররম থেকেই নতুন বছরের কার্যক্রম শুরু হতো। এভাবেই মুহাররম ইসলামী বছরের প্রথম মাস হয়। মুহাররম মাসের বিশেষ মর্যাদা রাসূল ﷺ বলেছেন: “রমযানের পর সর্বোত্তম রোযা হলো আল্লাহর মাস মুহাররমের রোযা।”— সহীহ মুসলিম, হাদিস ১১৬৩ লক্ষ্য করুন, নবী ﷺ মুহাররমকে “শাহরুল্লাহ” (আল্লাহর মাস) বলে উল্লেখ করেছেন, যা এর বিশেষ মর্যাদার প্রমাণ। আশুরা: মুহাররমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মুহাররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। রাসূল ﷺ যখন মদিনায় এলেন, তখন দেখলেন ইহুদিরা এ দিনে রোযা রাখে। কারণ এ দিনে আল্লাহ মুসা (আ.) ও তাঁর অনুসারীদেরকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসূল ﷺ বলেন: “আমি আশা করি আশুরার রোযা পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।”—সহীহ মুসলিম, হাদিস ১১৬২ কারবালার মর্মান্তিক ঘটনা ৬১ হিজরির ১০ মুহাররমে (আশুরার দিন) ইমাম হুসাইন (রা.), যিনি রাসূল ﷺ-এর প্রিয় নাতি ছিলেন, তাঁকে ও তাঁর পরিবার-পরিজনের অনেক সদস্যকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়। এই ঘটনা মুসলিম ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক অধ্যায়। ইসলামের নির্দেশ হলো ধৈর্য, দোয়া ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন। বরং একজন মুমিন নতুন বছরকে আত্মসমালোচনা, তাওবা, ইবাদত বৃদ্ধি এবং সময়ের মূল্য উপলব্ধির উপলক্ষ হিসেবে গ্রহণ করবে। আল্লাহ বলেন: হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য সে কী কাজ করেছে।”— সূরা আল-হাশর, ৫৯:১৮ হৃদয়ে ধারণ করার মতো শিক্ষা একটি নতুন হিজরি বছর আমাদের স্মরণ করিয়ে দেয়— জীবন থেকে আরেকটি বছর কমে গেল। কবরের দিকে আমরা আরও এক বছর এগিয়ে গেলাম। আমলনামায় নতুন পৃষ্ঠা খুলল। হিজরতের শিক্ষা অনুযায়ী পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসার সময় এখনই। রাসূল ﷺ-এর হিজরত ছিল শুধু স্থান পরিবর্তন নয়; বরং শিরক থেকে তাওহীদে, অন্যায় থেকে ন্যায়ে, গুনাহ থেকে আনুগত্যে এবং অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। সুতরাং মুহাররম ও হিজরি নতুন বর্ষের প্রকৃত বার্তা হলো: নিজেকে পরিবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা এবং নতুন বছরকে তাকওয়া ও নেক আমলের মাধ্যমে শুরু করা। মুসলিম ঐতিহ্য বলতে এমন সব মূল্যবোধ, আচার-আচরণ, সংস্কৃতি ও জীবনব্যবস্থাকে বোঝায় যা কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহীনের আদর্শ থেকে উৎসারিত। এটি কেবল পোশাক বা কিছু সামাজিক রীতির নাম নয়; বরং একটি ঈমানী পরিচয় ও জীবনদর্শন। ১. কারণ আল্লাহ আমাদেরকে পূর্ববর্তী নেককারদের পথ অনুসরণ করতে বলেছেন আল্লাহ তাআলা বলেন: “আর যে ব্যক্তি তার কাছে হিদায়াত স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, আমি তাকে সে দিকেই ফিরিয়ে দেব যেদিকে সে ফিরতে চায় এবং তাকে জাহান্নামে প্রবেশ করাব।” — সূরা আন-নিসা ৪:১১৫ এ আয়াত থেকে বোঝা যায়, রাসূল ﷺ-এর পথ এবং মুমিনদের (সাহাবায়ে কেরাম) পথ অনুসরণ করা মুক্তির পথ। ২. কারণ রাসূল ﷺ-এর সুন্নাহই প্রকৃত ঐতিহ্য আল্লাহ বলেন: “নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” — সূরা আল-আহযাব ৩৩:২১ মুসলিমদের গৌরব হলো অন্যদের অন্ধ অনুসরণ নয়; বরং নবী ﷺ-এর অনুসরণ। রাসূল ﷺ বলেছেন: “তোমরা আমার সুন্নাহ এবং আমার পর হিদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।” — Sunane Abu Dawud, হাদিস ৪৬০৭; Jami’ at-Tirmidhi, হাদিস ২৬৭৬ (৩). কারণ ইসলামী পরিচয় হারিয়ে গেলে উম্মাহ দুর্বল হয়ে যায়। রাসূল ﷺ বলেছেন: “যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।” — Sunane Abu Dawud, হাদিস ৪০৩১ এ হাদিসের অর্থ হলো, মুসলমান তার বিশ্বাস, আদর্শ ও চরিত্রে স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে। ৪. কারণ ঐতিহ্য ত্যাগ করা অনেক সময় দ্বীনের দুর্বলতার লক্ষণ রাসূল ﷺ ভবিষ্যদ্বাণী করে বলেছেন: “তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের পথ অনুসরণ করবে বিঘতে বিঘত, হাতে হাতে…” সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইহুদি ও খ্রিস্টানদের? তিনি বললেন, “তবে আর কারা?” Sahih al-Bukhari, হাদিস ৭৩২০; Sahih Muslim, হাদিস ২৬৬৯ এ হাদিস আমাদের সতর্ক করে যে, মুসলিম জাতি যদি নিজের আদর্শ ও ঐতিহ্য ভুলে যায়, তবে অন্যদের অন্ধ অনুকরণে পতিত হবে। ইতিহাসের একটি হৃদয়স্পর্শী শিক্ষা ওমর ইবনুল খাত্তাব (রা.)যখন জেরুজালেমবিজয় করেন, তখন তিনি পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক ছিলেন। কিন্তু তার পোশাকে ছিল বহু জোড়া লাগানো প্যাচ, জীবন ছিল অত্যন্ত সাধারণ। কেউ তাকে জাঁকজমকপূর্ণ পোশাক পরার পরামর্শ দিলে তিনি বলেছিলেন: “আমরা এমন জাতি, যাদেরকে আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো মাধ্যমে সম্মান খুঁজি, তবে আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন।” এই কথাটি মুসলিম সভ্যতার মূলমন্ত্র হয়ে আছে। মুসলিম ঐতিহ্যের কিছু গুরুত্বপূর্ণ দিক সালামের প্রচলন করা পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা দাড়ি রাখা ও পর্দা পালন করা (যেখানে শরিয়ত নির্দেশ দিয়েছে) কোরআন তিলাওয়াত করা সত্যবাদিতা ও আমানতদারিতা পরিবারকেন্দ্রিক জীবন গঠন ঈদ, জুমা ও ইসলামী অনুষ্ঠানসমূহের মর্যাদা রক্ষা করা সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া আল্লাহ ও রাসূল ﷺ-এর ভালোবাসাকে সর্বোচ্চ স্থান দেওয়া ইসলামী হিজরী সনের গুরুত্ব নিজের মধ্যে ধারন করা। উপসংহার মুসলিম ঐতিহ্য মেনে চলার উদ্দেশ্য শুধু অতীতকে স্মরণ করা নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে জাতি তার দ্বীনী পরিচয় ধরে রাখে, আল্লাহ তাকে মর্যাদা দেন। আর যে জাতি নিজের শিকড় ভুলে যায়, সে ধীরে ধীরে আত্মপরিচয় হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন: “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে; তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎকাজ থেকে নিষেধ কর।” — সূরা আলে ইমরান ৩:১১০ সুতরাং মুসলিম ঐতিহ্য আঁকড়ে ধরা কোনো পশ্চাৎপদতা নয়; বরং এটি কোরআন-সুন্নাহভিত্তিক মর্যাদা, পরিচয় ও সফলতার পথ।
• লেখকের পরিচয়ঃ কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র ও আহত জুলাই যোদ্ধা।
প্রিন্ট করুন








Discussion about this post