ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারী শিক্ষার্থীদের জন্য তিনটি আবাসিক হল থাকলেও কোনো হলেই নেই নারী প্রভোস্ট।
হলগুলোর সর্বোচ্চ প্রশাসনিক পদে পুরুষ শিক্ষক দায়িত্ব পালন করায় ব্যক্তিগত ও আবাসিক বিভিন্ন সমস্যা নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। হলগুলোতে নারী হাউস টিউটর থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে দাবি তাদের। নারীবান্ধব পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী প্রভোস্ট নিয়োগের দাবি জানিয়েছেন তারা। তবে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, বর্তমানে নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোর মধ্যে জুলাই-৩৬ হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. এ কে এম শামসুল হক। উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান। আর খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন।
হলগুলোতে একাধিক হাউস টিউটর থাকলেও সর্বোচ্চ প্রশাসনিক পদে কোনো নারী শিক্ষক নেই। জুলাই-৩৬ হলে দুজন হাউস টিউটরের মধ্যে একজন নারী। খালেদা জিয়া হলে তিনজনের মধ্যে একজন নারী। আর উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলে তিনজনের মধ্যে একজন নারী শিক্ষক হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে তিনটি হলে ১৪ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ কর্মকর্তা। এছাড়া অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারীদের মধ্যেও বেশ কয়েকজন পুরুষ রয়েছেন।
নারী শিক্ষার্থীদের হলের সর্বোচ্চ প্রশাসনিক পদে কোনো নারী শিক্ষক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে প্রভোস্ট পদে নারী শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে ছাত্রীদের ব্যক্তিগত ও আবাসিক বিভিন্ন সমস্যা সহজে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
জুলাই ৩৬ হল কালচারাল সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক তামান্না বলেন, “হলে নারী শিক্ষিকা দায়িত্বে থাকলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। যেকোনো বিষয়ে নারী শিক্ষিকার সঙ্গে আমরা যেভাবে সহজে যোগাযোগ করতে পারি, পুরুষ প্রভোস্টের সঙ্গে সেভাবে যোগাযোগ করা সম্ভব হয় না।”
খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী মারজিয়া আক্তার বলেন, ‘মেয়েদের হলে পুরুষ প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারী থাকায় অনেকেই অস্বস্তি অনুভব করেন। আমাদের সমস্যাগুলো একজন মেয়ের কাছে যেভাবে বলতে পারি, পুরুষদের কাছে সেভাবে বলা সম্ভব হয় না। পুরুষদের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। হলে নারী প্রভোস্ট ও নারী কর্মকর্তা-কর্মচারী থাকলে মেয়েরা আরও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে।’
উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আজমেরী রহমান বলেন, ‘মেয়েদের হলে নারী শিক্ষক দায়িত্বে থাকলে শিক্ষার্থীরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু আমাদের হলে শিক্ষক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই পুরুষ। ফলে হলের ভেতরে চলাচলের ক্ষেত্রেও আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। রাতে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাকে মেডিকেল সেন্টারে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয়। হাউস টিউটর যারা আছেন, তারা কেউ হলে অবস্থান করেন না।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, ‘হলের প্রভোস্ট নিয়োগের বিষয়টি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত। প্রতিটি হলেই হাউস টিউটর পদে নারী শিক্ষক রয়েছেন। নারী শিক্ষার্থীরা তাদের কাছে নিজেদের সমস্যার কথা বলতে পারেন। প্রভোস্ট মূলত প্রশাসনিক বিষয়গুলো দেখাশোনা করেন। সে ক্ষেত্রে পুরুষ শিক্ষক প্রভোস্ট হলে সমস্যা হওয়ার কথা নয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, বিষয়টি নিয়ে উপাচার্য মহোদয় ভাবছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post