ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “রাসূল (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে গবেষণার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাতুন নবি (সা.) ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুলুল্লাহ (সা.) শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার জানা মতে উপমহাদেশে এখনো এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই। তাই আমরা এখান থেকে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই।”
তিনি আরও বলেন, “সমসাময়িক বিশ্বে নানা সংকট ও চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবেলায় রাসূল (সা.)-এর আদর্শই একমাত্র পথ। তাঁকে জানা, তাঁর শিক্ষাকে ধারণ করা এবং সমাজ-রাষ্ট্র-অর্থনীতিসহ বৈশ্বিক পরিসরে প্রচার করা আমাদের দায়িত্ব। আজকের আয়োজন থেকে আমরা সেই অঙ্গীকারই গ্রহণ করছি।”
অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে উপাচার্য বলেন, “সিরাতুন নবী (সা.) আয়োজন করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শায়খ আহমাদুল্লাহ আজকের আলোচনায় রাসূলুল্লাহ (সা.) এর জীবন ও আদর্শ গভীরভাবে তুলে ধরেছেন, যা সবার মনোযোগ কেড়েছে। আমি মনে করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর আগে এ ধরনের আলোচনা হয়নি।”
অনুষ্ঠানে সিরাতুন নবি (সা.) ২০২৫ উদ্যাপন পরিষদের আহ্বায়ক এবং ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাসহ প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post