এসএম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ রুহুল আমিন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন। শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি, ল্যাবরেটরি সুবিধা, শিক্ষার মান, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক একাডেমিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, পরিচালক মোঃ সোহেল রানা, প্রিন্সিপাল (একাডেমিক) মিস দিলরুবা পারভিন, ভাইস প্রিন্সিপাল মোঃ ফায়জুর রহমানসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে অডিটোরিয়ামে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “শিক্ষকরা যখন তোমাদের শাসন করেন বা বকাঝকা করেন, তা তোমাদের মঙ্গলের জন্যই করেন। নিয়মিত পড়াশোনা করা এবং ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ এই জায়গায় দাঁড়িয়ে কথা বলবে—এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। গ্লোবালাইজেশনের এই যুগে নিজেকে বিশ্লেষণ করে দক্ষ করে তুলতে হবে, তবেই সফলতা অর্জন সম্ভব।”
তার এই পরিদর্শনকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিষ্ঠানের জন্য এক অনুপ্রেরণামূলক মুহূর্ত হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে পাঠদান পদ্ধতি উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রিন্ট করুন







Discussion about this post