সাপাহার (নওগাঁ), প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছা. নাজমা আক্তার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব তুলে ধরে নৈতিকতা, সততা এবং শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নতুন প্রজন্মকে সচেতন, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post