গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না ১৮ বছর বয়সী এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী আরাফাত। দীর্ঘদিন ধরে নিজ বাড়ির বিছানায় শয্যাশায়ী এই তরুণের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে।
কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা আরাফাত এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।
পরিবার সূত্রে জানা যায়, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর আরাফাতের চিকিৎসায় পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের সবটুকুই ব্যয় হয়ে গেছে। দিনমজুর বাবা লিটন ঢালী সারাদিন পরিশ্রম করেও এখন ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। ফলে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে আরাফাতকে বাড়িতেই রাখতে হচ্ছে।
আরাফাতের বাবা লিটন ঢালী ও মা ফাতেমা জানান, ছেলেকে বাঁচাতে তারা সর্বস্ব হারিয়েছেন। আগে কখনো কারও কাছে সাহায্য চাননি, কিন্তু সন্তানের জীবন রক্ষায় এখন মানুষের সহযোগিতা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই।
পরিবারের দাবি, চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সময়মতো চিকিৎসা না পেলে আরাফাতের জীবন সংকট আরও গুরুতর হতে পারে।
মুমূর্ষু এই তরুণের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার। আরাফাতকে সহায়তা করতে যোগাযোগ করা যাবে—ফাজানা বেগম: ০১৭৫৭১৬১৫৫৩।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post