গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। তিনি জানান, মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন থানায় মোট ২৬টি অভিযান চালানো হয়। এর মধ্যে নিয়মিত মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ২৩ জনকে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে অভিযানে ২৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের কার্যক্রমও অব্যাহত থাকবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post