ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়ার পর অচেতন অবস্থায় এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১১) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অংশ নিতে এসে দুপুরের পর থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। বিকেল তিনটার দিকে অনুষ্ঠান শেষ হলেও বাড়ি না ফেরায় পরিবার তাকে খুঁজতে শুরু করে।
পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ তল্লাশির জন্য দপ্তরিকে অনুরোধ করেন। তবে অভিযোগ রয়েছে, তিনি এতে সহযোগিতা না করে উল্টো অসদাচরণ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে রাত আটটার দিকে শ্রেণিকক্ষগুলোতে তল্লাশি চালানো হলে দোতলার একটি স্থানে অচেতন অবস্থায় ছাত্রীটিকে পড়ে থাকতে দেখা যায়। অন্য একটি তলায় তার ব্যাগ ও স্যান্ডেল পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা দুর্বল এবং সে মানসিক ট্রমার মধ্যে রয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, “ভুক্তভোগীর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা-নিরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, “ভুক্তভোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক মতামতের ভিত্তিতে গুরুত্ব সহকারে তদন্ত চলছে। রিপোর্ট নিশ্চিত হলে দ্রুত মামলা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান,” এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের দপ্তরি ও নৈশ্যপ্রহরীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।”
ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//১০ এপ্রিল ২০২৬//
প্রিন্ট করুন










Discussion about this post