দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে সীমান্তবর্তী একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্র আরও জানান, সোমবার বিকেল ৩টার দিকে অভিযানে দৌলতপুরে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।
প্রিন্ট করুন










Discussion about this post