কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ‘আলিফ আখলাক স্টোর’ নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযোগে ভোক্তা অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে কয়েকমাস আগে ২০,০০০ টাকা জরিমানা করেছিল।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার এন.এস রোড ও কাটাইখানা মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলত এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী দোকানগুলোতে মনিটরিং করা হয়।
অভিযান চলাকালে এন.এস রোডস্থ ‘আলিফ আখলাক স্টোর’-এ গুরুতর অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি “আগামীকাল থেকে গ্যাসের দাম বাড়বে” এমন অজুহাতে পূর্বে ১৩০০-১৩৮০ টাকায় ক্রয় করা ১২ কেজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে, প্রায় ১৮০০ টাকায় বিক্রি করছিল।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। এসময় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল উপস্থিত ছিল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন










Discussion about this post