এসএম জামাল কুষ্টিয়া থেকে : গেল ঈদের পর এবারও যেন দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে কুষ্টিয়ার একটিমাত্র সিনেমা হলে (স্বপ্নীল সিনেপ্লেক্স)। নিজেদের পছন্দ অনুযায়ী দেখছেন সিনেমা।
সামাজিক পারিবারিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের কারণে বেশিরভাগ দর্শকই পরিবারসহ সিনেমাটি দেখতে এসেছেন। দেখার পর ‘উদীয়মান সূর্য’’ ঘিরে উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা গেছে। হল থেকে বেরিয়ে দর্শকরা বলছেন, ‘ভাবতেই পারিনি যে, এত ভালো সিনেমা হবে।’
আরেকজন দর্শক বললেন, ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবি, সবার ফ্যামিলি নিয়ে ছবিটি দেখা উচিত। অসাধারণ হয়েছে।’ কেউ কেউ সিনেমাটি দেখে নস্টালজিয়ায়ও ডুবে গেছেন বলে জানিয়েছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে ‘উদীয়মান সূর্য’ শিরোনামে একটি সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা এস এম শফিউল আযম।
তিনি এই কুষ্টিয়ার সন্তান হওয়ায় এবং সিনেমার শ্যুটিং এর কিছু অংশ কুষ্টিয়ায় হওয়া ও কলাকুশীলও কুষ্টিয়ার হওয়ার দর্শকপ্রিয়তা পেয়েছে।
সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর। গেলো ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
সিনেমাটির আখ্যান ভাগে রয়েছে, নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ ও গণহত্যা শুরু করলে নোমান তার বন্ধু জামালসহ পালাতে চেষ্টা করে এবং পথের মাঝে জামালকে হারিয়ে ফেলে। অবশেষে নোমান ঢাকায় বসবাসরত বন্ধু সুনিলের বাসায় আশ্রয় নেয়। রাত শেষে ভোরের সূর্য উদয় হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানতে ও বন্ধু জামালের খোঁজে বাহিরে বের হয় নোমান।
ঢাকা শহরের কারফিউ ও গণহত্যার খবর নিয়ে বন্ধু সুনিলের পরিবারের সবাইকে অবগত করে। সুনিলের বোন মুক্তি মনে মনে নোমানকে পছন্দ করে। এই বিষয় নোমান বুঝতে পেরে তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় বসবাসরত হিন্দুদের উপর হত্যা, ধর্ষণ ও নানাবিধ নির্যাতন চালাতে থাকে। সুনিলের বাবা সরকারি চাকরিজীবী ও হিন্দু হওয়ায় নোমান সুনিলকে পরিবারসহ ঢাকা ছেড়ে নিজ জেলা কুষ্টিয়াতে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। নিজেও কুষ্টিয়াতে চলে যায় এবং এলাকার যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এভাবেই গল্প এগিয়ে যায়।
সিনেমা প্রসঙ্গে নির্মাতা শফিউল আযম বলেন, “এই সিনেমায় দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ‘মুসলিম-হিন্দু যাই বলা হোক না কেন, আমরা সবাই মানুষ। আমাদের পরিচয় আমরা বাঙালি।’—এই শ্লোগানকে সামনে রেখে সিনেমাটি নির্মাণ করেছি।
তানজিমা নামের এক দর্শক বললেন, অনেকদিন পর সিনেমা হলে এসে সিনেমা উপভোগ করলাম। অনেক ভালো লেগেছে। এমন সিনেমা হলে পরিবার পরিজন নিয়েও দেখা যায়।
ঝর্ণা আক্তার নিঝুম নামের এক দর্শক জানালেন, স্বামী সন্তান ও পরিবারের মোট ৮ সদস্য মিলে টিকিট কেটে সিনেমা উপভোগ করলাম। তিনি বলেন, সাম্প্রদায়িকতা ভুলে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার প্রয়াস লক্ষ করা গেছে সিনেমায়। এছাড়াও প্রেম, ভালোবাসা, অ্যাকশন, গান—সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগলো।
জামাল উদ্দিন নামের এক দর্শক বললেন দীর্ঘদিন পর সিনেমা হলে এসে সিনেমা উপভোগ করলাম। একটা সময় ছিল সপ্তাহের প্রতি মঙ্গলবার মানেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। তবে কালের বিবর্তনে সেসব এখন পুরনো চিত্র। এই কুষ্টিয়া শহরে চারটি সিনেমা হলে প্রচুর দর্শক সিনেমা উপভোগ করতো। সেগুলো বন্ধ হয়ে গেলেও এই পরিমল টাওয়ারে স্বপ্নীল সিনেপ্লেক্স নতুন আঙ্গিকে দর্শকদের জন্য বিশেষ বিশেষ সময়ে সিনেমা দেখানোর ব্যবস্থা করেন যা বিনোদনের একটা মুখ্য উদ্দেশ্য হিসেবে কাজ করে।
স্বপ্নীল সিনেপ্লেক্সের কর্মকর্তারা জানান, বছরে দুই ঈদসহ কেবল স্পেশাল কিছু সিনেমা আনলে দর্শকপ্রিয়তা পায়। ‘উদীয়মান সূর্য’’ সিনেমায় দর্শকদের সাড়াও পাচ্ছি বেশ ভালো। আশা করি আরও দর্শক বাড়বে।
মৌলিক গল্প ও গানের সিনেমা ‘উদীয়মান সূর্য’ দর্শকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশা করছেন সিনেমার পরিচালক এস এম শফিউল আযম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমাটিতে দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন আমি নিজে উপস্থিত থেকে কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে দর্শকদের উপস্থিতি লক্ষ্য করেছি। মানুষ এখনো ভালো সিনেমা দেখার জন্য সিনেমা হলে আসে এর প্রমাণও পেয়েছি। দর্শকের প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমি নিজেকে স্বার্থক মনে করছি।
লিনেট ফিল্মস প্রযোজিত এ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস. এম. শফিউল আযম নিজেই। সাদমান সামীর ও কান্তা নুর ছাড়াও অভিনয় করেছেন—শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ, বিল্লু, আমিরুল ইসলাম, আসলাম আলী, ডা. শিউলী জামান, আমিরুল, আজম খান, শাহেলা আক্তার, সাদিয়া আফরিন, আহমেদ সাজু, এনায়েত রাজীব, বাবলু রাজা, নাজিরুল, মিষ্টি হাসান, আব্দুল আজিজ, পিনটু আকনজী, বিপুল, তৌফিক ডলার প্রমুখ।
প্রিন্ট করুন









Discussion about this post