ওপেলিয়া কনি, কুষ্টিয়া// কুষ্টিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যবসা ব্যবস্থাপনা (Business Management for SMEs)’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সহযোগিতায় এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর মোল্লা বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে গতানুগতিক ব্যবসার বাইরে এসে আধুনিক ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। একটি সফল উদ্যোগের মূল চাবিকাঠি হলো সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনা। স্থানীয় উদ্যোক্তাদের আধুনিক বিপণন ও ব্যবসায়িক কলাকৌশলে সমৃদ্ধ করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”
চেম্বার সহ-সভাপতি কাজী রফিকুর রহমান-এর বিশেষ উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার (FAIR)-এর পরিচালক ও কারুযোগ-এর সহ-উদ্যোক্তা দেওয়ান আখতারুজ্জামান। তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রশিক্ষণের সার্বিক সমন্বয় করছেন।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন এসএমই’র বিশেষজ্ঞ ট্রেইনার মোঃ রফিকুল হাসান ও শারমিন আক্তার। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত চলমান এই কর্মশালায় জেলার বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।
সংশ্লিষ্টরা জানান, ৫ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতি, বাজারজাতকরণ কৌশল এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
জেলা পর্যায়ের উদ্যোক্তাদের মাঝে পেশাদারিত্বের চর্চা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//২৬ জানুয়ারি ২০২৬//
প্রিন্ট করুন









Discussion about this post