নূর মোহাম্মদ রবিউল: বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর,২০২৬) বিকাল ৪ টায় কুমারখালীর লাহিনীপাড়া বাস্তুভিটায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর সাদিক। স্বাগত বক্তব্য রাখেন কুমারখালীর লাহিনীপাড়াস্থ মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল।
অনুষ্ঠানে অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সাহিত্যিকের জীবন, কর্ম ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মীর মশাররফ হোসেনের অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর বাস্তুভিটায় তিন দিনব্যাপী অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১৩ নভেম্বর শুক্রবার থেকে ১৫ নভেম্বর রবিবার পর্যন্ত এই জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রয়েছে লাঠিখেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং গ্রামীণ মেলা। আগামী ২য় দিন ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা পাঁচটায় আলোচনা অনুষ্ঠান, রাত সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত নয়টায় অনুষ্ঠিত হবে নাটক। ৩য় দিন ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, সন্ধ্যা পাঁচটায় সমাপনী ও আলোচনা, রাত সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত নয়টায় অনুষ্ঠিত হবে নাটক। এছাড়াও নিয়মিত প্রতিদিন থাকছে গ্রামীণ মেলা।
মীর মোশাররফ হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় ১৮৪৭ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম বিষাদ সিন্ধু, জমিদার দর্পণ, গাজী মিয়ার বস্তানী, উদাসীন পথিকের মনের কথা সহ গল্প উপন্যাস নাটক ও প্রবন্ধ মিলিয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন।
কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদিত ‘গ্রামবার্তা প্রকাশিকা’ এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় তাঁর সাহিত্যচর্চার সূচনা হয়। ‘জমিদার দর্পণ’সহ বিভিন্ন রচনায় জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচারের চিত্র তুলে ধরে বাংলা সাহিত্যে বিশেষ স্থান করে নেন তিনি।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post