এনামুল হক, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় জালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি করে প্রতারণার অভিযোগে দায়ের করা একটি ফৌজদারি মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
জামিনের আবেদন নিয়ে শুনানি শেষে আসামি অ্যাডভোকেট পি.এম. সিরাজুল ইসলাম ও অমিত হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ দুপুর ১:৩৫ মিনিটে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফিরোজ মামুন এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি মিস মামলা নং-৩২/২০২৬ (কুমারখালী জিআর মামলা নং-২৯৭/২৬)-এর আসামি অ্যাডভোকেট পি.এম. সিরাজুল ইসলাম ও অমিত হাসান উচ্চ আদালতের নির্ধারিত মেয়াদের আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আসামিরা নির্দোষ এবং ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি আসামিরা হাইকোর্ট বিভাগ থেকে নির্দিষ্ট মেয়াদের আগাম জামিন নিয়ে নির্ধারিত সময়ে আদালতে আত্মসমর্পণ করেছেন বলে আদালতকে অবহিত করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের জামিনের বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, মামলার এজাহারে আসামিদের নাম রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯ ও ৪৭১ ধারায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তাধীন থাকায় আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হয়।আদালতের পর্যবেক্ষণ ও আদেশমামলার নথিপত্র পর্যালোচনা ও উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত পর্যবেক্ষণ করেন, মামলায় গোপনে পুনর্বিবাহের আয়োজন, যোগসাজশের মাধ্যমে জাল কাবিননামা তৈরি এবং সেটিকে সঠিক হিসেবে উপস্থাপন করে প্রতারণার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অপরাধের গুরুত্ব ও মামলার তদন্তের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আদালত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।আদেশে আসামিদের সি/ডব্লিউ মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মিস মামলার নথিপত্র নিষ্পত্তি করা হয়। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি কুষ্টিয়া মডেল থানার আমলি আদালতে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।মামলাটির তদন্ত চলমান থাকায় অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post