এনামুল হক, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিবদমান দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় হালিম সর্দার (৬০) নামের এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে, তিনি কৃষি কাজ করতেন।
ঘটনায় জড়িত সন্দেহে বকুল সর্দার (৩০) নামে এক যুবককে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এসময় মান্নান মেম্বার গ্রুপের এক সমর্থক স্থানীয় বাসিন্দা নজরুলের বাড়ির ছাদের উপর থেকে বল্লম ছুড়ে মারেন।
বল্লমটি সরাসরি হালিম সর্দারের গলায় বিদ্ধ হয়। পরে পরিবারের লোকজন হালিম সর্দারকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী
বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, স্থানীয় জামে মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের মান্নান-বকুল গ্রুপের সাথে
ইউসুফ মেম্বার-মেহেদী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে দফায় দফায়
হামলা পাল্টা হামলার ঘটনা চলছিল। তারই জেরে শনিবার ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে কিছুদুর যাওয়ার পর পথিমধ্যে মান্নান মেম্বারের এক সমর্থক স্থানীয় বাসিন্দা নজরুলের বাড়ির ছাদ থেকে বল্লম ছুড়ে মারে। এতে বল্লমটি হালিম সর্দারের গলায় বিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিম ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এঘটনায় জড়িত সন্দেহে বকুল সর্দার নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post