কুষ্টিয়া : কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ জুন) পান্টি ডিগ্রি কলেজ হলরুমে দিশা SMART (HVC)-Vegetables প্রকল্পের আওতায় মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।
এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল, “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা।”
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ ক্লাবের সদস্য, ক্ষুদ্র উদ্যোক্তা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করা হয়।
র্যালি শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পান্টি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস এম গোলাম আযম বাবু এবং প্রভাষক রাসেল আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন দিশা SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পান্টি এরিয়ার এরিয়া ম্যানেজার শবনম আখতার, খোকসা এরিয়ার বিধান সরকারসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এখনই সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত এ ধরনের অংশগ্রহণমূলক কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিন্ট করুন







Discussion about this post