নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া সদরের মজমপুর গেট এলাকায় নিত্যপ্রয়োজনীয় ফলের বাজারে তদারকি জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কুষ্টিয়া জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। খেজুরের পাইকারি ও খুচরা দোকানসহ বিভিন্ন ফলের দোকানে মনিটরিং করা হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি এবং মূল্য তালিকা যাচাই করা হয়।
মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার দায়ে মেসার্স আকাশ ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মেসার্স লালন ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পানীয় জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, রমজানকে সামনে রেখে কোনোভাবেই অতি মুনাফা বা অতিমজুদ করা যাবে না। ফলের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকায় যথাযথ বিক্রয়মূল্য স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন কুষ্টিয়া সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শরীফ হোসেন সোহাগ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
প্রিন্ট করুন








Discussion about this post