ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত এর গতিরোধ করে। এ সময় তারা ট্রাক চালক আলমগীর হোসেনকে মারধর করে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ডাকাতরা তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয় এবং আরও টাকার দাবিতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
চালকের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
আহত আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের সাহেব আলী মোরলের ছেলে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
প্রিন্ট করুন






Discussion about this post