ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আছায় সরদার (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আছায় সরদার বর্তমানে পুলিশ হেফাজতে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, নির্যাতিত শিশুটিকেও ডাক্তারি পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে চর মিলপাড়া এলাকায় বাড়ির পাশে এক বান্ধবীর সাথে খেলা করছিল ওই শিশু। এ সময় আছায় সরদার দুই শিশুকেই ফুসলিয়ে পাশের একটি স্কুল ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটিকে একটি কক্ষে আটকে রেখে অন্য শিশুটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় আছায়। ক্ষুব্ধ ও ভীত শিশুটি দ্রুত বাড়ি ফিরে পরিবার ও প্রতিবেশীদের বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ওই স্কুলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এদিকে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত আছায়কে ধরে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার হাত থেকে তাকে তাৎক্ষণিক রক্ষা করা যায়নি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আছায়কে উদ্ধার করে এবং আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে অভিযুক্তের ফাঁসি দাবি করেছেন শিশুটির বাবা-মা ও এলাকাবাসী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন হওয়ার পর ধর্ষণের বিষয়টি সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে।
কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য// ৭ জুন ২০২৬//
প্রিন্ট করুন








Discussion about this post