এস এম জামাল,কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
এ সময় সিএনজিচালিত যানবাহনের ডান পাশের দরজা বন্ধ রাখা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো, বেপরোয়া ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বাস, মিনিবাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক সমিতির নেতারা অংশ নেন।
সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। নিয়ম মেনে গাড়ি চালানো, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
সভায় সিএনজিচালিত যানবাহনের ডান পাশের দরজা বন্ধ রেখে শুধু বাম পাশ দিয়ে যাত্রী ওঠানামা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যত্রতত্র সড়কে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা না করিয়ে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকে এ কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বা প্রতিযোগিতামূলকভাবে যানবাহন চালানো থেকে বিরত থাকা এবং ট্রাক ও মিনিবাসে অনুমোদিত ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বা যাত্রী বহন না করার বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় সড়কে শৃঙ্খলা রক্ষার এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ, যানজট কমানো এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, জেলা পুলিশের ডিআইও-১ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া জেলার বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে সড়কের শৃঙ্খলা রক্ষা ও পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে মতামত দেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post