ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনি। এসময় এসআই আলহাজ আলী, কনস্টেবল ইমরান ও কনস্টেবল সোহেলসহ ডিবির একটি দল অংশ নেয়।
গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন মোল্লা কুষ্টিয়া ইবি থানাধীন দূর্বাচারা এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইউসুফ শেখ হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানা ও ইবি থানায় হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্যে বেলা সাড়ে তিনটার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। এসময় কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন নূর টেইলার্স গলিতে পৌঁছালে এজাহারভুক্ত আসামিরা তাকে ধাওয়া করে। পরে তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ইউসুফ শেখের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে ২০২৪ সালের ১৮ আগস্ট রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭৫ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামী করা হয়। ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামী সানোয়ার হোসেন মোল্লা।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই রকিব উদ্দিন জনি বলেন, “ইউসুফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।”ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//১৫ ই মে ২০২৬//
প্রিন্ট করুন









Discussion about this post