কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলায় পরিবেশ আইন ও সরকারি নীতিমালা উপেক্ষা করে চলছে অধিকাংশ ইটভাটা। জেলার ১৫৮টি ইটভাটার মধ্যে মাত্র ১৫টির বৈধতা থাকলেও বাকি ১৪৩টি ইটভাটাই চলছে অবৈধভাবে—এমন অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব ভাটায় পরিবেশ দূষণ, কৃষিজমি ক্ষতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়লেও কার্যকর অভিযান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তথ্য অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলায় একসময় প্রায় ৩২টি ইটভাটা থাকলেও বর্তমানে সংখ্যা কমে ২৫ থেকে ২৭টির মধ্যে রয়েছে। তবে অভিযোগ রয়েছে, সদর উপজেলার একটি ভাটারও বৈধ অনুমোদন নেই। একই চিত্র মিরপুর উপজেলাতেও—সেখানকার সব ইটভাটাই অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলায় বর্তমানে চার ধরনের ইটভাটা চালু রয়েছে—
১. ড্রাম চিমনি ভাটা
২. ফিক্সড চিমনি (এফসিবি) ভাটা
৩. জিগজ্যাগ ভাটা
৪. অটো ব্রিকস
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পুরনো প্রযুক্তির ভাটা নিষিদ্ধ হলেও বাস্তবে অনেক ভাটায় এখনও সেই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ভাটা ২০১৩ সাল থেকেই নিষিদ্ধ হলেও অনেক জায়গায় তা চালু রয়েছে বলে অভিযোগ।
এছাড়া ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিয়ম অনুযায়ী প্রথমবার পুরনো কাঠ ব্যবহার করা গেলেও পরবর্তীতে কোনোভাবেই কাঠ পোড়ানোর অনুমতি নেই। কিন্তু বাস্তবে অনেক ভাটায় নিয়ম অমান্য করে কাঠ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
পরিবেশবিদ ও সচেতন মহলের প্রশ্ন—এত বিপুল সংখ্যক অবৈধ ইটভাটা চললেও কেন নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে না? কার স্বার্থে পরিবেশ ধ্বংসকারী এসব কার্যক্রম চলমান, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলার পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রিন্ট করুন










Discussion about this post