এসএম জামাল, কুষ্টিয়া থেকে :
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় অবস্থিত কুষ্টিয়া স্টোর পাম্পে পেট্রোল সংকট চরম আকার ধারণ করেছে। অল্প পরিমাণ তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালকদের, অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রোদে অপেক্ষা করছেন।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মাত্র ৩০০ টাকার পেট্রোল নেওয়ার জন্য পাম্পের সামনে কয়েকশ’ মোটরসাইকেলের লাইন। তীব্র রোদ উপেক্ষা করে চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকের মুখে বিরক্তি ও ক্ষোভের ছাপ।
ভুক্তভোগী এক বাইক চালক জানান, “একটু তেলের জন্য এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হবে ভাবিনি। কাজের সময় নষ্ট হচ্ছে, তবুও উপায় নেই।”
পাম্প সংশ্লিষ্টরা জানান, সরবরাহ স্বাভাবিক না থাকায় সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। যার কারণে প্রতিটি বাইককে নির্দিষ্ট পরিমাণ, যেমন ৩০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে।
এদিকে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এদিকে, জ্বালানি সংকটে কুষ্টিয়ায় ব্যাহত কৃষিকাজ, চরম বিপাকে পড়েছে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার কৃষকরা।
ফলে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সেচ কার্যক্রমে ব্যবহৃত ডিপ টিউবওয়েল ও শ্যালো মেশিনগুলো চালাতে না পারায় কৃষকরা পড়েছেন চরম দুর্ভোগে।
ভেড়ামারায় খালেক ফিলিং স্টেশনে সকাল থেকে কৃষকদের দীর্ঘ লাইন দেখা গেছে ডিজেল নেওয়ার জন্য। ক্ষেমিড়দিয়াড় এলাকার সোবহান আলী নামের এক কৃষক বলেন, দুই বিঘা জমিতে ধানের আবাদ রয়েছে। সময় মতো পানি না দিলে জমি চৌচির হয়ে যায়। তাই জমিতে সেচ দিতে হবে কিন্তু ডিজেল সংকট। তাই সকাল থেকে এই পাম্পে বসে আছি। দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষায় থেকে তিন লিটার ডিজেল নিলাম।
জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে দেখা গেছে, বোরো ধানসহ অন্যান্য ফসলের জমিতে প্রয়োজনীয় সেচ দিতে পারছেন না অনেক কৃষক। এতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে আবার উচ্চমূল্যে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছেন, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।
মিরপুর উপজেলার আমলা এলাকার এক কৃষক আমিরুল ইসলাম জানান, সময়মতো সেচ দিতে না পারলে ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে।
আবুরি মাগুরা এলাকার এক কৃষক করিম আলী বলেন, “ডিজেল না পেলে জমিতে পানি দেব কীভাবে? ফসল নষ্ট হয়ে গেলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে।”
স্থানীয়রা বলছেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে কৃষিতে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে এবং খাদ্য উৎপাদনেও ঘাটতি দেখা দিতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকরা। তারা জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করে কৃষিকাজ সচল রাখার দাবি জানিয়েছেন।
প্রিন্ট করুন








Discussion about this post