এসএম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জাহাঙ্গীর হোসেন।
সোমবার (৬ জুলাই) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি, গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরাফাত আমান আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চেয়ারম্যান ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম এবং সাবেক ইউপি সদস্য ও চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনের সময় অতিথিরা খাল পুনঃখনন কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে এ ধরনের উন্নয়ন প্রকল্প গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে অতিথিরা একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
উপস্থিত সবাই উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখনন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post