কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুরের বেড়বাড়াদি গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে।
কয়েক দফা হামলা ও পাল্টাপাল্টি ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভুক্তভোগী দুর্লভ শেখের স্ত্রী জোসনা খাতুন (৪৫) অভিযোগ করে বলেন, গত ৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে এসে তার স্বামী দুর্লভ শেখকে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে তার ডান পায়ের কবজির নিচে গুরুতর জখম হয়। পরে হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করেন তিনি।
জোসনা খাতুনের দাবি, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আহত দুর্লভ শেখকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপর এক ব্যক্তি অভিযোগ করেন, তিনি মাঠে যাওয়ার সময় সিরাজ নামে এক ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা করেন।
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম দফার ভাঙচুরের ঘটনার পর দুর্লভ শেখের সমর্থকদের বিরুদ্ধে আহেদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। আহেদের স্ত্রী সুফিয়া খাতুন বলেন, তারা কোনো অপরাধ করেননি; সামাজিক একটি পক্ষের সঙ্গে থাকার কারণেই তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তারা থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
তবে বিরোধের সঙ্গে জড়িত একটি পক্ষের সামাজিক প্রধান গোলাপ সর্দার বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা কোনো ধরনের সংঘাত বা কোন্দল চান না। এখনো কোনো মামলায় যাননি এবং থানার মাধ্যমে উভয় পক্ষকে বসিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানান তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের সামাজিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। তারা আর কোনো ধরনের সংঘাত, হামলা বা ভাঙচুর চান না। প্রশাসনের কাছে দ্রুত আইনগত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান এবং এলাকায় স্থায়ী শান্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) রিপন মৃধা বলেন, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। যারা অপরাধে জড়িত থাকবে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এলাকায় কোনো ধরনের মারামারি বা গোলযোগ পুলিশ বরদাশত করবে না।
এ ঘটনায় এলাকায় নতুন করে সংঘাত এড়াতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, উভয় পক্ষের বিরোধ দ্রুত আইনি ও সামাজিকভাবে নিষ্পত্তি হয়ে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post