মোমেছুর রহমান, কুষ্টিয়া :
কুষ্টিয়া শহরে যানজট ভয়াবহ ভাবে বৃদ্ধি পেয়েছে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে রাতদিন সর্বসময় লাগছে যানজট। শহরের মধ্যোদিয়ে রেলপথ, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা দেকানপাট, ফুটপথ দখল করে ব্যবসা, রাস্তার দু’পাশ জুরে ভানে বিভিন্ন পণ্য ও খাবার বিক্রিসহ নানারকম ব্যবসা, সড়কের উপর এলোমেলো ভাবে অবৈধভাবে মোটরসাইকেল ও গাড়ী পার্কিং, অতিমাত্রায় অটোরিক্সা, ইজিাবাইক ও পাখি ভ্যান বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও শহরের প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার গুলোর সামনে বিভিন্ন যানবাহন রাখায় বাড়তি ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ। যতই দিন যাচ্ছে, ততই যেন বৃদ্ধি পাচ্ছে অবৈধভাবে মোটর সংযোগকৃত রিক্সা ও ভ্যান। যার নাম দেয়া হয়েছে অটোরিক্সা ও পাখি ভ্যান। এর পাশাপাশি যন্ত্রণাদায়ক ইজিবাইকতো রয়েছেই। এদের কোন ড্রাইভিং লাইসেন্স লাগে না, মানতে হয়না ট্রাফিক আইন। চালকরা যেমন খুশি তেমন চালান। মনেহয় রাস্তা ওদের বাপ-দাদার। নিজের লাইন ছেড়ে আগে যাওয়ার উদ্দেশ্যে ৩ থেকে ৪টি লাইনে এদের চলাচল করতে দেখা যায়। এ সময় দেখা যায় অপরদিক থেকে কেউ আর আসতে পারছেনা। কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়কসহ অলিতে গলিতে বেপরোয়া ভাবে চলছে এই ইজিবাইক ও রিক্সাগুলো। এর পাশাপাশি পাল্লাদিয়ে বেড়ে চলেছে পাখি নামক অটোভ্যান। যার কারনে কুষ্টিয়া শহরে যানজটও ভয়াবহ ভাবে বৃদ্ধি পেয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা দেকানপাট, অতিমাত্রায় অটোরিক্সা, পাখি ভ্যান, ও ইজিবাইক (অটো) বৃদ্ধি পাওয়ায় এ অবস্থায় সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া শহরের প্রায় প্রতিটি সড়ক সংকীর্ণ ও অপ্রশস্ত। ফুটপাতের উপরে গড়ে উঠেছে নানা ধরনের দোকান। সড়ক গুলোতে নিয়ম না মেনে ভারী যানবাহন গুলোতো চলছেই। এছাড়াও ব্যস্ত সময়ে শহরের মধ্যোদিয়ে স্কুলভ্যান, স্কুলবাস, পার্সেল কহনকারী কুরিয়ারের বড় পিকআপ, বালি নিয়ে অবৈধ ড্রাম ট্রাক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাসসহ মাইক্রোবাস, মোটরসাইকেল, জীপ, প্রাইভেটকার, সিএনজি, স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহন নছিমন, করিমন, অটোট্রাক, ভটভটি, আলমসাধু, অটোরিক্সা, পাখিভ্যান, ইজিবাইক চলাচল করছে। ফলে সৃষ্টি হচ্ছে যন্ত্রনাদায়ক ভয়াবহ যানজট। শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে এ অবস্থায় বিরাজমান। বিশেষ করে শহরের মধ্যেদিয়ে ট্রেন যাতয়াত ও ইবির বাস গুলো শহরের ব্যস্ততম সড়কসহ অলিতে গলিতে প্রবেশ করায় নিয়মিত যানজট লাগছে। যানজট এড়াতে শহরের বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলেও কেউ মানছেনা ট্রাফিক আইন। এ কারনেই শহরের সড়কগুলোতে মানুষ সুষ্ঠ ও নিরাপদে চলাচল করতে পারছেনা। মুসলমানদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদুল আয্হা। হিন্দুদের শারদীয় দূর্গা উৎসব, ভালবাসা দিবস, নববর্ষসহ বিভিন্ন উৎসব কে কেন্দ্র করে শহরসহ গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ শহরের বিভিন্ন বিপনী বিতানে ভীড় জমায় কেনাকাটার জন্য। ওই সময় গুলোতে শহরে যানজটের কারনে মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। পায়ে হেঁটে চলার অবস্থাও থাকেনা। সেই সাথে ধুলা-বালিতো উরছেই। বর্তমান শহরের বড় বাজার, রাজার হাট থেকে ত্রিমোহনী, বক চত্বর থেকে মোল্লাতেঘরিয়া, কালীশংকরপুর, কাঁটায়খানার মোড় থেকে সিঙ্গার মোড়, কলেজ মোড় থেকে আড়–য়াপাড়া, স্যার ইকবাল সড়ক, অর্জন দাস আগরওয়ালা সড়ক, হাসপাতাল সড়ক, চৌড়হাস মোড় থেকে মজমপুর গেট পর্যন্ত নিয়মিত প্রতিদিনিই যানজট লাগছে। মাঝে মাঝে শহরের ব্যস্ততম সড়ক গুলোর যানজট রাজধানী ঢাকাকেও যেন হার মানায়। এ অবস্থায় অতিরিক্ত অটোরিক্সা ও ইজিবাইক সকলের জন্য যন্ত্রনার কারন হয়ে দাঁড়িয়েছে।
সূত্র জানায়, কুষ্টিয়া পৌরসভা ৩ হাজার টি ইজিবাইক, ১ হাজার ৪’শ টি অটোরিক্সা ও ১’শ টি পাখি ভ্যান পৌরসভার মধ্যে চলাচলের অনুমোদন দিতে পারবে। অথচ এ বছর ইজিবাইকের লাইসেন্স নবায়ন হয়েছে মাত্র ১ হাজার টি। অটোরিক্সা নবায়ন হয়েছে প্রায় ২’শ ৫০টি, ভ্যান নবায়ন হয়েছে শুধুমাত্র ৬টি। বর্তমানে কুষ্টিয়া শহরে প্রায় ১৪/১৫ হাজার ইজিবাইক, অটোরিক্সা ও ব্যাটারি চালিত পাখি ভ্যান প্রতিনিয়ত চলাচল করছে। এর মধ্যে ১ হাজার ২’ ৫৬ টি ইজিবাইক, অটোকিক্সা ও ভ্যান বৈধভাবে চলাচল করলেও বাদবাকিরা চলছে অবৈধ ভাবে। শহর ও শহরতলীর সল্প আয়ের মানুষ এসব অতিরিক্ত অটোরিক্সা, ইজিবাইকগুলো ভাড়ায় চালায়। এছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন ইউনিয়ন যেমন, বটতৈল, আলামপুর, জিয়ারখী, বারখাদাসহ কুমারখালী, খোকসা, ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর ও রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে থেকে প্রতিদিন হাজার হাজার অটোরিক্সা ও ইজিবাইক শহরে ঢুকে চলাচল করছে। অদক্ষ চালকরা প্রতিদিন পাখিভ্যান, অটোরিক্সা ও ইজিবাইক (অটো) ভাড়ায় নিয়ে নিয়মবহিভুর্ত ভাবে কে কার আগে যাবে তার প্রতিযোগিতায় রাস্তায় নামে। যাত্রীরা এ সকল যানবাহনে উঠতে চাইলে যে কোন স্থানে রাস্তার পাশে দাড়িয়ে চালকদের হাত দেখানো মাত্রই তারা রাস্তার সামনে ও পিছনে খেয়াল না করেই ব্রেক করে দাড়িয়ে পড়ে। যার কারনে পিছনে থাকা অন্যান্য যানবাহন চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনার কবলে পড়ছে। ট্রাফিক আইন না মেনে যে যার মতো রাস্তায় ৩/৪টি লাইন করে যানজট সৃষ্টি করছে। শহরের স্কুল গুলোর সামনে ছুটির সময় হলেই এরা এলোমেলো ভাবে রাস্তা দখল করে রাখে। এছাড়াও বক চত্তর, মজমপুর গেট, বড়বাজার রেল গেট, হাসপাতাল এলাকায় যাত্রী তোলার জন্য অটো চালকরা রাস্তা ও ফুটপাত দখল করে রাখছে। যার ফলে প্রতিদিনই ছোট খাটো দূর্ঘটনা ঘটছে। খেয়াল খুশি মতো এলোমেলোভাবে অটোরিক্সা, পাখিভ্যান ও ইজিবাইক চালানোর কারনে যানজট সৃষ্টি হচ্ছে। অনেক সময় পথচারীদের সাথে অটো ও রিক্সা চালকদের বিরোধ বাঁধে। প্রতিদিন গোলযোগ সৃষ্টি হয় ভাড়া দেয়া নেওয়াকে কেন্দ্র করে। পৌরসভা থেকে বিভিন্ন পয়েন্টে ভাড়া ঠিক করে দেয়া হলেও কেউ তা মানছে না। অটোরিক্সা চালকরা ইচ্ছা মতো ভাড়া আদায় করছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে অটোরিক্সা ও ইজিবাইক অটো চালকরা হয়ে উঠেছে বেপরোয়া। বর্তমান কুষ্টিয়া শহরের প্রাই ১৫টি প্রতিষ্ঠানে তৈরী করা হচ্ছে অবৈধ মোটর সংযোগকৃত রিক্সা ও ভ্যান। এর মধ্যে উল্লেখযোগ্য শহরের সিঙ্গারমোড়ের ধীরেন রিক্সা হাউজ, কবি আজিজুর রহমান সড়ক, বড় স্টেশন এলাকার হাসমত আলীর রয়েছে রিক্সা ষ্টোর, আলিমুদ্দিন রিক্সা ষ্টোর, মামুন হোসেনের রিক্সা ষ্টোর, রবিউল রিক্সা ষ্টোর, মনির রিক্সা ষ্টোর, মন্টু রিক্সা ষ্টোর, আকরাম মিস্ত্রি, নাসির রিক্সা ষ্টোর, রবুল রিক্সা ষ্টোর, আরজু মিস্ত্রি, রকি অটোরিক্সা পার্টস হাউজ, জুগিয়া পালপাড়ায় তৈরি করছে আব্দুল আলীম, মঙ্গলবাড়ীয়া বাজারে সাইদুল ইসলাম তৈরীকৃত অটোরিক্সা ও পাখি ভ্যান বিক্রি করছে মেসার্স সাব্বির অটোস্ ট্রেডার্স নামক শোরুমে। এ ব্যাপারে বড় স্টেশন এলাকার রিক্সামিস্ত্রি মন্টু জানান, কুষ্টিয়া শহরে প্রায় ১০/১২টি রিক্সা তৈরীর দোকান রয়েছে। শহরের লাভলী টাওয়ারের সামনে অবস্থিত রাজু সাইকেল স্টোর, কবি আজিজুর রহমান সড়কের কুষ্টিয়া সাইকেল গার্ডেন ও আহাম্মদ সাইকেল স্টোর থেকে রিক্সা তৈরীকারকরা মোটর ও ব্যাটারীসহ বিভিন্ন সামগ্রী সেট ধরে কিনে আনছে ৬০ থেকে ৭২ হাজার টাকার মধ্যে। রিক্সাগুলো তৈরীর পর বিক্রি হচ্ছে ৭৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকায় এবং ভ্যানগুলো বিক্রি হচ্ছে ৬২ হাজার থেকে ৭০ হাজার টাকায়। ইজিবাইকের বডি দিয়ে অটোভ্যান তৈরী করতে খরচ হচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা আর ইজিবাইক গুলো বিভিন্ন শো-রুমে বিক্রি হচ্ছে ১ লক্ষ ২০ হাজার থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত। প্রতিদিন প্রাই ১০ থেকে ১৫টি নতুন রিক্সা ও ভ্যান তৈরী হচ্ছে। এ কারখানাগুলো এখনই বন্ধ করা না হলে অচিরেই ভয়াবহ যানজটের শহরে পরিনত হবে কুষ্টিয়া। এ সকল অদক্ষ চালকরা তাদের রিক্সা ও ভ্যানে অবৈধভাবে মোটর লাগিয়ে অটোরিক্সার সাথে রাস্তায় পাল্লা দিতে শুরু করেছে। ফলে শহরের সর্বত্রই বিরাজ করছে বিশৃঙ্খলা। একারনেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষ করে এন এস রোড, হাউজিং থেকে বক চত্ত্বর, মজমপুর রেলগেট, চৌড়হাস মোড়, বড় বাজার, পুরাতন কাটাইখানা মোড়, হাসপাতাল রোডসহ অন্যান্য রাস্তায় সারাদিনই অটো ও রিক্সার দীর্ঘ জটলা দেখা যায়। অটোরিক্সা, পাখিভ্যান, ইজিবাইক জটের কবলে পড়ে রাস্তায় চলতে গিয়ে সকল শ্রেণীর মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত তাদের পড়তে হচ্ছে নানা অসুবিধায়। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post