নাজমুল হাসান :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের মহিষাডাঙ্গা ও লক্ষ্মীপুরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ওই এলাকাটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। তাদের দাবি, সড়কের পাশে বা মূল সড়কে প্রায়ই সারিবদ্ধভাবে ভারী ট্রাক দাঁড়িয়ে থাকে। এতে চলাচলে ঝুঁকি তৈরি হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আরও জানান, কিছুদিন আগেই একই এলাকায় এক ঘোড়া ব্যবসায়ী দুর্ঘটনার শিকার হন এবং তার ঘোড়ার মৃত্যু হয়। গত দুই মাসে এই নির্দিষ্ট এলাকায় একাধিক দুর্ঘটনার তথ্য রয়েছে বলেও তারা দাবি করেন।
তাদের মতে, দুর্ঘটনারোধে দ্রুত ওই স্থানকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post