স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন—রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।
শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটলে রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুইজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে ড্রেসিংয়ের কাজ চলমান থাকায় এ মুহূর্তে নির্দিষ্টভাবে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব নয়। তবে তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের কাছ থেকে জানা গেছে, গ্যাস লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post