কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- উদযাপন করেছে।
আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে একাডেমির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরতে একাডেমির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির নানা কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক জনাব মোঃ মাহমুদুন্নবী, একাডেমির যুগ্ম-পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়।১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জুগিয়েছিল। তিনি আরও বলেন, ৭ নভেম্বরের অন্যতম শিক্ষা হচ্ছে জাতীয় ঐক্য, সংহতি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেকোনো জাতীয় সংকট মোকাবিলা করা।একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত-নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরডিএর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দেশের পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি আরডিএ’র পরিচালক জনাব মোঃ মাহমুদুন্নবী বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিবসের ঐতিহাসিক তাৎপর্য অনুধাবন করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া এবং ৭ নভেম্বর দিবসের সাথে সংশ্লিষ্ট শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকলের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post