গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (আজ) বিকেলে উৎসবমুখর পরিবেশে উপজেলার সদর এলাকার ঘাঘর বাজারে অবস্থিত শ্রীশ্রী রাধা-মদনগোপাল নামহট্ট মন্দির থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। জগন্নাথ দেবের সুসজ্জিত রথ নিয়ে বের হওয়া এ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন মন্দির থেকে ভক্তরা হরিনাম সংকীর্তন ও বাদ্যযন্ত্রের তালে তালে মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হন। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে শুরু হয় শোভাযাত্রা। এতে ছোট-বড় সব বয়সী নারী-পুরুষ ভক্তদের উৎসাহের সঙ্গে অংশ নিতে দেখা যায়।
রথযাত্রা উপলক্ষে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। আয়োজক কমিটির সদস্যরা জানান, দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে এ উৎসব।
এ উপলক্ষে পাড়কোনা শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমে শ্রীশ্রী রাধা-মদনগোপাল নামহট্ট মন্দিরের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবত গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলামৃত পাঠ, ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন, কীর্তন মেলা, লীলা কীর্তন, বৈদিক নৃত্য ও বৈদিক নাটক।
আগামী শুক্রবার সমাপনী দিনে পাড়কোনা শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম থেকে দুপুরে উল্টো রথযাত্রা বের হয়ে ঘাঘর বাজার ইসকন মন্দিরে পৌঁছাবে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post