গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বামন্দী নিশিপুর স্কুল ও কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত শিক্ষক আরিফ হোসেন গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কলেজ শাখার ১০২ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আমানুল্লাহ জানান, পরীক্ষা চলাকালে কোনো কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল ফোন রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দায়িত্ব পালনকালে আরিফ হোসেনের কাছে মোবাইল ফোন পাওয়া গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তোহিদুল কবীর ঘটনাটি প্রত্যক্ষ করে তাকে অফিস কক্ষে ডেকে পাঠান। পরে তার মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে পরবর্তী পরীক্ষাগুলোতেও তাকে দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন










Discussion about this post