স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক প্রবাসী ব্যবসায়ীর পরিবারের বাসভবনের গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টার দিকে রুনা টাওয়ার নামের ভবনটিতে এ ঘটনা ঘটে। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও ভবনটির নিরাপত্তাকর্মী মো. আলমগীরের ভাষ্য, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় প্যান্ট-শার্ট পরা দুই যুবক ভবনের সামনে এসে তাঁকে গেটের ভেতরে অবস্থান করে গেট বন্ধ রাখতে বলেন। এরপর তাঁরা গেট লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে হেঁটে সেখান থেকে চলে যান। পরে গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার দুপুরে তাঁর ছেলে শওকতের হোয়াটসঅ্যাপে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা করার হুমকিও দেওয়া হয়।
ওই বার্তায় ইউসুফের সন্তানদের কর্মস্থল, ব্যক্তিগত পরিচয় এবং তাঁদের বিভিন্ন স্থানে থাকা বাড়িঘর সম্পর্কে তথ্য জানার দাবি করা হয়। পাশাপাশি ‘বড় ভাইয়ের’ নির্দেশ অনুযায়ী টাকা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
ঘটনার সময় পাশের একটি দোকানে থাকা এক ব্যবসায়ী জানান, তিনি হঠাৎ গুলির শব্দ শুনতে পান। পরে বাইরে তাকিয়ে দুই যুবককে দ্রুত সরে যেতে দেখেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজিকে কেন্দ্র করে হামলার অভিযোগও উঠেছে। গত ১৩ জুলাই দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে। মামলা হওয়ার পর সেখানে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এর আগে ১৩ জুন নগরের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে ২ কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের অভিযোগও ওঠে ইমনের অনুসারীদের বিরুদ্ধে।
এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে চাঁদাবাজি বন্ধ এবং ইমনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ইমন সক্রিয় হয়ে ওঠেন। পরে গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ১০ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।
রুনা টাওয়ারের মালিক ইউসুফের সঙ্গে রাজনৈতিকভাবে সংশ্লিষ্টতার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন পর গ্রেপ্তার হওয়া আজিজ বর্তমানে কারাগারে রয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post