জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়ায় অসহায়, দরিদ্র, দিনমজুর ও বেকার যুবকদের আর্থিক সহায়তা এবং চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ানোর অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম নামে এক মাস্টারের বিরুদ্ধে।
সরেজমিনে জানা যায়, রায়টা মহলদারপাড়ার বাসিন্দা ও বাহাদুরপুর ইউপি যুব ইউনিটের সাবেক সেক্রেটারি আমিনুল মাস্টার এলাকার প্রায় দুই শতাধিক হতদরিদ্র মানুষকে চিকিৎসা খরচ ও চাকরির প্রলোভন দেখান। পরবর্তীতে তিনি সিলবিহীন ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সদস্য ফরম নিজে পূরণ করে তাঁদের হাতে তুলে দিয়ে ছবি তোলেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি প্রচার করেন যে, ওই ব্যক্তিরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তবে ভুক্তভোগীদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক দলের সাথেই যুক্ত নন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী মো. হবিবার প্রামানিক জানান, “আমিনুল মাস্টার চিকিৎসার জন্য টাকা দিচ্ছেন শুনে গত ১১ সেপ্টেম্বর আমরা চারজন তাঁর বাড়িতে যাই। আমার হাঁটুর সমস্যার কথা জানালে তিনি আপাতত ডাক্তার দেখানোর জন্য ২০০ টাকা এবং পরে ৩০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন। এরপর নিজের হাতে একটি ফরম লিখে আমার হাতে ধরিয়ে ছবি তোলেন। কিন্তু পরবর্তীতে ২০০ টাকা কিংবা ৩০ হাজার টাকা—কোনোটাই আমি পাইনি। সকালে শুনি আমরা নাকি জামায়াতে যোগ দিয়েছি! আমাদের নিয়ে তিনি কেন এই মিথ্যা প্রচার চালালেন?”
আরেক ভুক্তভোগী মো. আবদুর রাজ্জাক বলেন, “জাহাঙ্গীর ও মিজানুর আমাকে আমিনুল মাস্টারের বাসায় ডেকে নিয়ে যান। সেখানে কাগজে কী যেন লিখে আমার হাতে দিয়ে ছবি তোলা হয় এবং পরে ৩০-৪০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু তাঁরা প্রচার করেছেন আমি জামায়াতে যোগ দিয়েছি।”
ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিক জানান, “কিছুদিন আগে আমার পা ভেঙে যায়। আমিনুল মাস্টার আমাকে ৪০ হাজার টাকা ও পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে একটি ফরম হাতে নিয়ে দাঁড়াতে বলেন এবং এমপি সাহেবকে দেখানোর কথা বলে ছবি তোলেন। পরে সকালে ফেসবুকে দেখি, আমি নাকি জামায়াতে যোগ দিয়েছি।”
একইভাবে নাজিম উদ্দীন নামের আরেক ভুক্তভোগী জানান, তাঁকে কম খরচে চিকিৎসার কার্ড করে দেওয়ার কথা বলে ছবিতে তুলে ভুয়া প্রচার চালানো হয়েছে।
অন্য একজন ভুক্তভোগী অভিযোগ করেন, আইডি কার্ডের নম্বর নিলে মোবাইলে টাকা আসবে বলে তাঁর কাছ থেকে তথ্য নেওয়া হয় এবং কোনো স্বাক্ষর ছাড়াই জামায়াতের ভুয়া ফরম পূরণ করা হয়।
এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আহাদ জানান, “গত মঙ্গলবার রায়টা ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইব্রাহিম বিষয়টি আমাকে জানান। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
রায়টা ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও মেম্বার প্রার্থী মো. ইব্রাহিম বলেন, “আমিনুল মাস্টার কিভাবে দাওয়াতি কাজ করছেন, সে বিষয়ে আমি বা আমার সভাপতি কিছুই জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে আমি ইউনিয়ন আমীর সাহেবকে জানিয়েছি।”
অভিযোগের বিষয়ে জানতে আমিনুল মাস্টারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংবাদকর্মী পরিচয় পাওয়ার পরপরই তিনি ফোন বন্ধ করে দেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post