মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সুনাম দেশের বিভিন্ন অঞ্চলে এক সময় ছড়িয়ে পড়েছিল। কিন্তু নানা সমস্যায় জর্জরিত এ অঞ্চলের মৃৎশিল্প আজ অতীত ঐতিহ্য হারাতে বসেছে।
কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা, জুগিয়া, আলামপুর, খয়েরপুর, ইবি থানার আস্তানগর ও হরিনারায়ণপুর মৃৎ শিল্পীদের চরকা এখন বন্ধ হওয়ার পথে। ফলে এ পেশায় জড়িত কয়েক হাজার পরিবার বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। অনেকে এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছে। এক সময় বিভিন্ন হাটবাজার, গ্রাম গঞ্জে ও শহরের পাড়া মহল্লায় মৃৎশিল্পের ব্যাপক চাহিদা ও সুনাম ছিল। বর্তমান সময়ে প্লাষ্টিক ও এ্যালুমিনিয়ামের তৈরী বাসন-কোসন বাজার দখল করে নেয়ায় এ শিল্পের বিলুপ্তি ঘটেছে। মাটির তৈরী জিনিসপত্রের চাহিদা নেই বললেই চলে। এক সময় এলাকায় মৃৎশিল্পের বিভিন্ন রকম সামগ্রী তৈরী হত। যেখানে তারা পরিবার পরিজন ও লোকজন নিয়ে কয়েক বিঘা এলাকা জুড়ে মাটির তৈরী হাড়ি, পাতিল, কলস, তাওয়া, সারাপিঠার পাত্র, ঝাঝর, গামলা, মালসা, দই ও মিষ্টির হাড়িসহ বিভিন্ন ধরনের খেলনা, মাটির পুতুল, ফুলদানী, গলবদানী, টাকা-পয়সা রাখার রং বে-রঙের মাটির ব্যাংক, ফুলের টব তৈরী করত। তারপর সেগুলো রোদে শুকিয়ে বিভিন্ন রং লাগিয়ে বাজারজাত করতো। মুল মালিকেরা পাইকারী দরে বিভিন্ন দোকানে দিয়ে আসত। এছাড়া ঘোড়ার গাড়ী,ভ্যানে করে ও ফেরিওয়ালারা কাধে করে মাটির এসব সামগ্রী পাড়া, মহল্লায় ও গ্রামগঞ্জে বিক্রি করে বেড়াতেন। মানুষ মাটির হাড়িতে করে আত্মীয়-স্বজনের বাড়ীতে বিভিন্ন পিঠা ও মিষ্টি নিয়ে যেত। মিষ্টির দোকানেই এ মাটির হাড়ি সাজানো থাকত। কিন্তু বর্তমানে মাটির হাড়ির জায়গা দখল করেছে কাগজের বাক্স, প্লাষ্টিকের বাটি ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন। মাটির পাত্রের ব্যবহার কমে যাওয়ায় মানবেতর জীবন-যাপন করছে এ শিল্পে জড়িত কয়েক হাজার কুমোর। গতকাল কথা হয় হাতিয়া গ্রামের মৃৎ শিল্পী কার্তিকের সাথে। তিনি জানান বেশ কয়েক বছর আগেও মাটির তৈরি জিনিসের বেশ কদর ছিল। কিন্তু বর্তমানে সমাজ পরিবর্তনের সাথে সাথে এরও পরিবর্তন হয়েছে। এখন আর মাটির তৈরী দ্রব্যসামগ্রী কেউ ব্যবহার করতে চাই না। কারণ মানুষ রঙ্গ-চঙ্গের জিনিস বেশী পছন্দ করে। কার্তিক বলেন, শহরতো দুরের কথা, এখন আর গ্রাম-গঞ্জেও মাটির তৈরী হাড়ি, পাতিল ও কলস কেউ ব্যবহার করে না। আবার কিছু দরিদ্র পরিবার এখনও মাটির তৈরি কলস, মালসা-সানকি ব্যবহার করে। আস্তানগরের কুমোর নারায়ণের স্ত্রী সমিতা রানী বলেন, বর্তমান সময়ে প্লাষ্টিকের তৈরি জিনিসের মূল্য কম হওয়ায় মাটির তৈরী জিনিসের কদর নেই। হরিনারায়ণপুর ও আলামপুরের কয়েকজন কুমোর জানান, মৃৎ শিল্পে ব্যবহৃত মাটির রং সহ অন্যান্য উপকরনের দাম বেড়েছে মাত্রাতিরিক্ত ভাবে। কিন্তু সে তুলনায় মাটির পাত্রের দাম বাড়েনি। এ কারণে মারাত্মক তহবিল সংকটে পড়েছে তারা । বাপদাদার পেশাকে টিকিয়ে রাখার জন্য এখনো এর সাথে কেউ কেউ জড়িয়ে রয়েছে। তবে শহরের মানুষ ফুলের টব আর গ্রামের মানুষ পানি ঠান্ডা রাখার জন্য কলস এখনো ব্যবহার করে। এছাড়াও শীতকালে খেজুর, তাল ও আখের রস রাখার জন্য মাটির পাত্র ব্যবহার করে। এসময় কাজের চাপ বেশী থাকে। পূজো পালনের সময় খেলনা পাতির কাজ করতে হয়। তবে মৃৎশিল্পের সাথে সংশিষ্ট সকলেই জানালেন, যদি সরকারী সাহায্য সহযোগীতা পাওয়া যায়। তাহলে এ শিল্পের পুরনো জৌলুস ফিরিয়ে আনা সম্ভব।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post