স্টাফ রিপোর্টার: রাজধানীর শেখেরটেক এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, আহত দুজনই ছিনতাইকারী। পরে ঘটনাস্থল থেকে আহতসহ মোট চারজনকে আটক করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একই দিন বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে ঢাকা উদ্যানসংলগ্ন ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় গেলে পুলিশের মুখোমুখি হয় ছিনতাইকারীরা।
এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় বলে জানায় কর্তৃপক্ষ। এতে রুবেল ও আমির নামে দুইজন আহত হন। পরে তাদের আটক করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামের আরও দুইজনকে আটক করা হয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম অভিযানের সময় সামান্য আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, আটকরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালের ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
প্রিন্ট করুন









Discussion about this post