ওপেলিয়া কনি, কুষ্টিয়া: জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন।
আজ রবিবার সকালে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান লিংকন। সেখানে তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও কারাবরণের পরও দল তাকে যথাযথ মূল্যায়ন করেনি। তিনি অভিযোগ করেন, বিএনপি ও জাতীয় পার্টি—উভয় পক্ষের মাধ্যমেই তিনি রাজনৈতিকভাবে ‘বিশ্বাসঘাতকতার’ শিকার হয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বিগত দিনে গ্রেপ্তার, কারাবরণ ও অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও আমি দলের প্রতি অনুগত ছিলাম। কিন্তু আসন্ন নির্বাচনে মনোনয়ন না পাওয়া এবং ন্যায়বিচার বঞ্চিত হওয়া আমাকে হতাশ করেছে। এমতাবস্থায় আমি জনগণের আদালতের মুখোমুখি হতে চাই।”
আহসান হাবীব লিংকন জানান, আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) তিনি কুষ্টিয়া-২ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তিনি বিশ্বাস করেন, তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা এখন জনগণের রায়ের ওপরই নির্ভর করছে।
উল্লেখ্য, আহসান হাবীব লিংকন ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব পালন করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও। তার এই পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি করেছে।
প্রিন্ট করুন










Discussion about this post