নিজস্ব প্রতিবেদক :
উৎসবের নামে ব্যবহৃত আতশবাজির বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ছে প্রকৃতির নীরব প্রাণী পাখিরা। শব্দদূষণের কারণে অনেক পাখি নীড় ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনচক্র। ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট কে সামনে রেখে পাখি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে কুষ্টিয়ায় মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা তিনটায় কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গড়াই সেতু পাড় এলাকায় ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে আতশবাজি ব্যবহার ও পাখি শিকার বন্ধের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এবং মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা’র কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক নাব্বির আল নাফিজ,স্বপ্ন প্রয়াস যুব সংস্থার তরুণ সংগঠক সাদিক হাসান রহিত, রাকিবুল হক রাকিব, মো: রিপন, রকি, সবুজ,জুনায়েদ, বক্কর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আতশবাজির বিকট শব্দে পাখিরা দিকভ্রান্ত হয়ে পড়ে এবং ভীতসন্ত্রস্ত হয়ে নীড় ত্যাগ করে। অনেক ক্ষেত্রে ডিম ও ছানার মৃত্যু ঘটে, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তারা বলেন, পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উৎসব উদযাপনের নামে কোনো প্রাণীর ক্ষতি করা অনুচিত। তারা আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণ এবং অবৈধ পাখি শিকার বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
প্রিন্ট করুন










Discussion about this post