রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলা মডেল মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলে মুসল্লিদের কাছ থেকে অর্থ সহায়তা নেওয়া এক অভিনব প্রতারককে
আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদে এ ঘটনা ঘটে।
আটককৃত ওই যুবকের নাম সঞ্চয় শর্মা, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানা গেছে,’শুক্রবার দুপুরে সঞ্চয় শর্মা উপজেলা মডেল মসজিদে গিয়ে খাদেমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা তাঁকে মারধর করায় বাড়ি থেকে চলে এসেছেন এবং জামালপুরে একটি চাকরি করেন বলেও জানান তিনি। পরে নামাজের সময় মুসল্লিদের সামনে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন তিনি। এ সময় তিনি নিজের নাম রাখেন ‘মুসলিম উদ্দিন’। এরপর আর্থিক সহায়তা চাইলে উপস্থিত মুসল্লিরা তাঁকে টাকা দেন। তবে নামাজ শেষে কয়েকজন মুসল্লির তাঁর পরিচয় ও কথাবার্তা নিয়ে সন্দেহ হয়। জাতীয় পরিচয়পত্রসহ তাঁর দেওয়া তথ্য যাচাই করতে গিয়ে অসংগতি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন মসজিদে গিয়ে একইভাবে ইসলাম গ্রহণের কথা বলে অর্থ সংগ্রহের বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।’
মেলান্দহ উপজেলা মডেল মসজিদের ইমাম জাহেদুল ইসলাম বলেন,‘সঞ্চয় শর্মা ইসলাম গ্রহণের ইচ্ছার কথা জানালে সবার সামনে তাঁকে কালেমা পড়ানো হয়। পরে তিনি আর্থিক সহায়তা চাইলে আমিও তাঁকে সহযোগিতা করি। পরে জানতে পারি, বিভিন্ন মসজিদে গিয়ে একইভাবে ইসলাম গ্রহণের কথা বলে তিনি অর্থ সংগ্রহ করেছেন।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল বলেন, ‘আটক সঞ্জয় শর্মা ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post