স্টাফ রিপোর্টার : টানা বৃষ্টিতে দুদিন ধরে জলমগ্ন রাজধানী ঢাকা। মিরপুর, কারওয়ান বাজার, ধানমন্ডিসহ নগরীর প্রধান সড়ক ও অলিগলির অনেক অংশ এখনো পানির নিচে। এতে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আষাঢ়ের বিদায়লগ্নে শুরু হওয়া টানা বর্ষণ রাজধানীবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তিলোত্তমা ঢাকা যেন পরিণত হয়েছে এক জলাবদ্ধ নগরীতে।
সোমবার (১৩ জুলাই) কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা গন্তব্যে যেতে গিয়ে বিপাকে পড়েন। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলিতেও জমে আছে পানি। অনেকেই ড্রেনের নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
জলাবদ্ধতার কারণে বিভিন্ন যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে মাঝপথে বিকল হয়ে পড়ছে। ফলে জলজটের সঙ্গে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ সুযোগে কিছু পরিবহনে দুই থেকে তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
রাজধানীর এই জলাবদ্ধ পরিস্থিতির জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দখল হয়ে যাওয়া খালের কারণে প্রতি বর্ষাতেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
ঢাকাবাসীর দাবি, প্রতিবছরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নিতে হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post