আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সমুন্নত রেখে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে সকলের সার্বিক সহযোগিতা প্রদানের উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, দুর্গাপূজা সবার উৎসব। শাল্লায় শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মাদক, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতার মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শাল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোহানী চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল, জাকির হোসেন ও আবদুল করিম, সাংবাদিক রুদ্র মিজান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই শওকত আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক জয়ন্ত সেন, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী এবং শাসখাই পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাস প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাদক ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, দুর্গোৎসবকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উৎসবকে কেন্দ্র করে কেউ যেন মাদক বিক্রি, সরবরাহ কিংবা সেবনের মাধ্যমে পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য কঠোর নজরদারির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।
বি//দৈনিক দেশতথ্য //
প্রিন্ট করুন







Discussion about this post