গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীতে সিআইডি পুলিশের পোশাকের আদলে তৈরি জ্যাকেট ও ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক নারীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনির ব্রাইট হাউজে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আতাউর রহমান (৬২) অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি সিআইডি পুলিশ পরিচয়ে তার বাসায় ঢুকে মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৯), রাজশাহীর জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর নাদির (২৯) এবং ঢাকার শরীফ মিয়া (৫৫)।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তিনটি সিআইডি পুলিশের পোশাকের আদলে তৈরি জ্যাকেট ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়া বাসার সামনে থাকা ঢাকা মেট্রো-চ-১৪-৮২৪৫ নম্বরের একটি এক্স-নোহা গাড়ি থেকে শরীফ মিয়াকে আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে আরও একটি গাঢ় খাকি রঙের জ্যাকেট পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আতাউর রহমানের মেয়ে তাসনীমুল জান্নাত ওরফে মালিহার সঙ্গে গ্রেপ্তার শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলামের শরিয়াহ মোতাবেক বিয়ে হয়েছিল। পরে পারিবারিক বিরোধের জেরে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার জের ধরে গত ১২ আগস্ট রাতে জাহাঙ্গীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরী সিআইডি পুলিশের আদলে তৈরি পোশাক পরে এবং হাতে ওয়াকিটকি নিয়ে আতাউর রহমানের বাসায় প্রবেশ করেন। পরে সেখানে শুভ, রুবেল ও নাদিরও যান। একপর্যায়ে তারা মালিহাকে টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post