করোনা পরিস্থিতিতে নাকাল সারা বিশ্ব। আয়ের সাথে ব্যয়ের সংগতি রাখতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন শিল্প কারখানা। বাংলাদেশেও বন্ধ হয়ে গেছে এমন অনেক শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে বন্ধ হয়েছে প্রায় ৬৫০ পত্রিকা। যেসব পত্রিকা টিকে আছে সেগুলোও খুঁড়িয়ে চলছে। করোনার আগেও বিশ্বে প্রতিদিন একটি করে সংবাদপত্রের মৃত্যু হতো। ধ্বস ঠেকাতে বিশ্বের বিখ্যাত অনেক দৈনিকও প্রিন্ট এডিসন বন্ধ করে টিকে থাকার জন্য অনলাইনে লড়াই করছে।
এরই মধ্যে বাংলাদেশে ঢাকঢোল পিটিয়ে বাজারে এসেছে আজকের পত্রিকা নামে আরো একটা খবরের কাগজ। এই যে মাত্র একটি এলো তা নয়। এমন পত্রিকা বের হয় প্রতিবছর। ছয়মাস/একবছর পর লেজ গুটিয়ে যায় পালিয়ে। এই পত্রিকা এমন হতে পারে একথা বলার সময় এখনো আসেনি। তবে এর আগে আসা অনেক পত্রিকার ক্ষেত্রে ঘটেছে একই ঘটনার পুনরাবৃত্তি। এর জন্য যে বিনিয়োগকারীরাই দায়ী তা নয়। তারা দেখেছে কোটি কেটি টাকা খরচ হচ্ছে। অথচ লাভ নেই। পরামর্শকরা যা বলেছিল বাস্তবে তার কোন মিল নেই। তখন বাছ বিচার না করেই ঘোষণা করেছে লে অফ।
দু-তিনটি দৈনিক ছাড়া বাংলাদেশের সকল পত্রিকার অবস্থা খারাপ, হিমশিম খাচ্ছে। হ্যাঁ কিছু পত্রিকা চলছে বড় বড় কর্পোরেট কারখানার সাদা-কালো টাকার মিশ্রণে। পত্রিকা দিয়ে ব্যবসা না হলেও তাদের চলে। কারণ অন্য ব্যবসাকে পাহারা দেওয়ার জন্য বা অপরাধকর্ম ঢাকার ঢাল হিসাবে পত্রিকার ব্যবসা চালায়। এগুলো দিয়ে ওয়াচডগের দায়িত্ব পালন না করে একই মালিকাধীন অন্য ব্যবসার পেটডগ (Petdog) হিসাবে রাখে, ব্যবহার করে।
সাংবাদিকতার যখন শিক্ষার্থী ছিলাম তখন নতুন পত্রিকা বের হলে প্রথম সংখ্যা কিনতাম কারণ অনেক বড় কলেবরে (৫০-৮০ পৃষ্ঠা) পেতাম। কখনও কখনও গিফটও থাকতো। যায়যায়দিন যখন দৈনিক হিসেবে আসলো তখন প্রথম সংখ্যা আসলো প্যাকেটজাত হয়ে। প্যাকেট খুলে পত্রিকার সাথে হরেকরকম গিফট্ও পেলাম। শুধু বড়সড় পৃষ্ঠা ও গিফটের জন্য প্রথম সংখ্যা কিনতাম তা নয়, পত্রিকা দেখেই একটা প্রাক্কলন করাও ছিল উদ্দেশ্য। প্রাক্কলন করতাম তা কতদিন চলবে, পাঠকপ্রিয় হবে না “পেটডগ” হবে।
প্রথমবার যখন যায়যায়দিন বের হলো দৈনিক হিসেবে, দেখে বলেছিলাম বছরখানেক টিকে থাকতে পারে কিন্তু আমার অনুমান সঠিক হয়নি! কারণ একবছরও টিকে থাকেনি কয়েকমাস পরেই বন্ধ হয়ে যায় দৈনিকটি। এ নিয়ে ব্লগে একটি লেখাও লিখেছিলাম।
যাইহোক, এরপর আরো অনেক পত্রিকা নিয়ে মন্তব্য করেছি। স্মৃতি যদি প্রতারণা না করে তাহলে বলতে পারি মন্তব্য ৯০ ভাগ মিলেছে। এসব ছিল ছাত্র জীবনের চিন্তার বিষয়। এরপর দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় সচক্ষে দেখার সুযোগ পেয়েছি, সাংবাদিকতার বিভিন্ন দিক বিশেষ করে সংবাদ অর্থনীতি, ব্যবসা মডেল, ব্যবস্থাপনা, নয়ামাধ্যম, উদ্ভাবনী সাংবাদিকতা নিয়ে লেখালেখি করেছি। বহুবছর নতুন দৈনিক বাজারে আসলে আর প্রথম সংখ্যা কিনি না, শুধু দেখি ইন্টারনেটে কয়েক পলক। কোন মন্তব্যও করি না। কেননা, আমার সাংবাদিক সহকর্মীদের মুখটা ভেসে ওঠে, বুকটা কেঁপে ওঠে। সমাজের এত মেধাবী মুখগুলো কীভাবে প্রতারিত হয়, কত আশ্বাসে দ্বিগুণ/তিনগুণ বেতনে যোগদান করে, প্রতিষ্ঠিত গণমাধ্যম ছেড়ে দেয়। পত্রিকার বাতি নিভে যায় এক বছর যেতে না যেতেই। কেননা, পত্রিকার ব্যবসা চালানো আর জাহাজ কোম্পানীর ব্যবসা করা এক জিনিস নয়, যেমন এক নয় শ্রেণিকক্ষ আর সংবাদকক্ষ। নতুন আরেকটি দৈনিক এসেছে। শুধু শুভকামনা করি সংবাদক্ষেত্রের সহকর্মীদের জন্য। এছাড়া কী-বা করার আছে।
-লেখক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক।
প্রিন্ট করুন








Discussion about this post