স্টাফ রিপোর্টার : সেবার মান উন্নয়ন ও নগরীর সব এলাকায় পানির প্রাপ্যতা নিশ্চিত না করে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির দাবি, অদক্ষ প্রশাসন, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে পানির দাম বাড়ানোর প্রয়োজন হবে না।
শনিবার অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য পানির দাম ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠার ৬৩ বছর পরও চট্টগ্রাম ওয়াসা নগরীর প্রায় ৩০ শতাংশ এলাকায় পানির সরবরাহ নিশ্চিত করতে পারেনি। নতুন ব্যবস্থাপনা পরিচালকের অধীনে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার পরিকল্পনা গ্রহণের পরিবর্তে মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ক্যাব।
সংগঠনটির নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সেবার মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এ অবস্থায় পানির দাম বাড়ানো জনজীবনে নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করবে। তারা মূল্য বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেন।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, পূর্ববর্তী সময়ে গড় বিল আদায়, পানির উৎপাদন ও বিতরণে অনিয়ম, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি এবং গ্রাহক স্বার্থ উপেক্ষার নানা অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়নি। এসব অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ওয়াসাকে একটি জবাবদিহিমূলক ও ভোক্তাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানানো হয়।
ক্যাবের দাবি, নগরীর বিভিন্ন এলাকায় এখনও নিয়মিত পানি সংকট, লিকেজ, ময়লা ও লবণাক্ত পানি এবং ভূতুড়ে বিলের অভিযোগ রয়েছে। পাশাপাশি হালিশহরসহ কয়েকটি এলাকায় অতীতে পানিদূষণের ঘটনাতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
বিবৃতিতে চট্টগ্রাম ওয়াসার বোর্ডে প্রকৃত ভোক্তা প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানানো হয়। ক্যাবের ভাষ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে সংগঠনটির ভূমিকা থাকলেও ওয়াসায় সেই বিধান অনুসরণ করা হয়নি।
বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post