রুকুনুজ্জামান, পার্বতীপুর, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক নারী ও তার কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) এবং তার মেয়ে পল্লবী রানী (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রিপেন চন্দ্র স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়েকে ঝুলন্ত দেখতে পান।
পরে তাদের উদ্ধার করে নিচে নামানো হলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানান।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে মা ও মেয়ের এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post